‘এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি’—অডিও হুমকিতে কাঁপছে বলিউড, নিশানায় রোহিত-রণবীর

রোহিত শেট্টি ও রণবীর সিংকে লক্ষ্য করে নতুন হুমকির অডিও ছড়াতেই বলিউডে আতঙ্ক। বিষ্ণোই গ্যাংয়ের যোগসাজশে ‘হ্যারি বক্সার’-এর নাম উঠে আসছে তদন্তে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়ের দশকের গ্যাংস্টার দাপটের স্মৃতি যেন আবার ফিরছে মুম্বইয়ের সিনেমাপাড়ায়। রোহিত শেট্টি ও রণবীর সিংকে লক্ষ্য করে নতুন হুমকির অডিও ছড়িয়ে পড়তেই বলিউডে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও একের পর এক হুমকি পৌঁছনোয় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

কয়েকদিন আগেই রোহিত শেট্টির বাড়ির কাচের বারান্দায় পাঁচ রাউন্ড গুলি চালানোর ঘটনা সামনে আসে। সেই হামলার দায় স্বীকার করে কুখ্যাত বিষ্ণোই গ্যাং। তার পরেই রণবীর সিংয়ের ফোনে হুমকির বার্তা আসে। তদন্তে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ লরেন্স বিষ্ণোইয়ের নিষিদ্ধ গোষ্ঠীর যোগসূত্র খুঁজে পায়।

শুক্রবার সকালে পরিচালক ও অভিনেতা—দু’জনের কাছেই একটি অডিও ক্লিপ পৌঁছয়। সেখানে ‘হ্যারি বক্সার’ নামে পরিচয় দিয়ে এক ব্যক্তি সরাসরি হুমকি দেন। অডিও বার্তায় বলা হয়, সময়মতো ‘লাইনে’ না এলে এমন পরিণতি হবে, যা সাত প্রজন্ম মনে রাখবে। শুধু রোহিত বা রণবীরই নন, তাঁদের সঙ্গে কাজ করা কর্মী ও ম্যানেজারদেরও টার্গেট করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, এর আগেও রণবীর সিংয়ের ম্যানেজারের ফোনে যে অডিও নোট এসেছিল, তার নেপথ্যেও ছিল এই ‘হ্যারি বক্সার’। তার আসল নাম হরি চাঁদ বলে জানা গিয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে তার। বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে বহুবার এ ধরনের হুমকি ছড়িয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

প্রাথমিক তদন্তের পর পুলিশ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় ছিল। কিন্তু নতুন করে হুমকি আসায় অনুমান আরও জোরদার হয়েছে। এর আগে সলমন খান ও কপিল শর্মাও বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে ছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোহিত শেট্টি ও রণবীর সিং।

ঘটনা সামনে আসতেই বলিউডে ফের নয়ের দশকের দাউদ অধ্যায়ের মতোই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পাশাপাশি তদন্তও চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন