নজরবন্দি ব্যুরোঃ প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপি নেতার বাড়ি ভাঙচুর সিঙ্গুরে। এবারের রাজ্য নির্বাচনে ধাপে ধাপে বিজেপির প্রার্থী তালিকা যত প্রকাশ পেয়েছে ততই প্রকাশ্যে এসেছে বিভিন্ন জায়গায় প্রার্থীদের নিয়ে দলের কর্মীদের অসন্তোষ ও বিদ্রোহ। পিছিয়ে ছিল না সিঙ্গুরও। সেখানে তৃণমূলের টিকিট না পেয়ে দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন বর্ষীয়ান নেতা তথা ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
আরও পড়ুনঃ আগামীকাল এই পাঁচটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা
এদিকে যোগ দেওয়ার মাত্র ৬ দিনের মাথায় তিনি সিঙ্গুরে বিজেপির হয়ে টিকিট পান তিনি। যা নিয়ে প্রথম থেকেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা প্রথম থেকেই দাবি করে তাঁর বদলে দীর্ঘদিন দলের হয়ে কাজ করা কাউকে টিকিট দিতে হবে। সেই প্রার্থী অসন্তোষের জেরে ভাঙচুর করা হল বিজেপি নেতা সঞ্জয় পান্ডের বাড়িতে। অভিযোগের তির উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। প্রসঙ্গত এই কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করে বিজেপির একাংশ। চুঁচুড়ায় জেলা অফিসে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষারকে ফোন করেও তাঁর বাবাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
সিঙ্গুরের বিজেপি নেতৃত্বের সাফ কথা ছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কোনওভাবেই প্রার্থী হিসেবে তাঁরা মেনে নেবেন না। তবে তিনি জানান বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব যেটা বলবে তিনি তাই করবেন। কোনও ভাবেই তাঁকে সরানো যাচ্ছে না দেখে বৃহস্পতিবার বিজেপি কর্মীরা সিদ্ধান্ত নেন তাঁরা অনশন শুরু করবেন। সেইমতো বুড়ো শান্তির মাঠে তাঁরা অনশন শুরু করেন। এদিকে হুগলি জেলা বিজেপির সহ-সভাপতি সঞ্জয় পান্ডে প্রথম থেকেই মাস্টারমশাইয়ের প্রার্থী হওয়ার বিরোধী হলেও তাঁকে অনশনমঞ্চে দেখা যায় না। জল্পনা ছড়াতে শুরু করে তবে কি তিনি হাত মিলিয়েছেন রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে?
প্রার্থী নিয়ে অসন্তোষ, বিজেপি নেতার বাড়ি ভাঙচুর সিঙ্গুরে। যার জেরে শুক্রবার রাতে সিঙ্গুর স্টেশন সংলগ্ন এলাকায় সঞ্জয় পান্ডের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। সেই দলে মণ্ডল সভাপতি গৌতন মোদকও ছিলেন বলে অভিযোগ। গোষ্ঠীকোন্দলের জেরে এখন সিঙ্গুর নির্বাচনে হারের আশঙ্কায় ভুগছে প্রধান বিরোধী দল বিজেপি।



