বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। গত ৮ অক্টোবর, পুজোর ছবি হিসাবে মুক্তি পেয়েছে ‘বহুরূপী’। তারপর একের পর এক সাফল্য। ১ মাস পার করেও থামেনি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির সাফল্যের ঘোড়া। এখনও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। এদিকে দিওয়ালিতে দুই বিগ বাজেট বলিউড ছবি ‘সিংহম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’র দৌড়াত্ম্যে বাংলার প্রেক্ষাগৃহেই শো কমলেও দমে যায়নি ‘বহুরূপী’।
উইনডোজ প্রোডাকশনের তরফে জানানো হয়েছে প্যান ইন্ডিয়ার বক্স অফিসে ইতিমধ্যেই ১৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। ছবিটি ১২ কোটির গণ্ডি টপকে গিয়েছে বহুদিন আগেই। এবার প্রযোজনা সংস্থা জানাচ্ছে, ছবির ব্যবসা দেশব্যাপী ১৪ কোটিতে গিয়ে পৌঁছেছে। যা একটি রেকর্ড।
এদিকে মুক্তির ১ মাসের মাথায় গোটা দেশে ছবিটি প্রায় ১০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন, তাই সকলকে ধন্যবাদ জানিয়েও উইনডোজ প্রোডাকশনের তরফে একটি পোস্ট করা হয়। তবে কেবল ছবির গল্প বা অভিনেতাদের অভিনয় নয়, সমানভাবে নজর কেড়েছে এই ছবির গানগুলিও।
শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে এটি একমাত্র ছবি যা পঞ্চম সপ্তাহতেও হাউজ ফুল যাচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।



