নজরবন্দি ব্যুরো: রাজ্যে এই মুহূর্তে তীব্র দাবদাহের দহনজ্বালায় ভুগছে বঙ্গবাসী। একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুঁয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আপাতত আবহাওয়ার কোনও উন্নতি নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। গরম থেকে রেহাই দিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে কি?
আরও পড়ুন: দেশে বর্ষার প্রবেশ কবে? তারিখ জানিয়ে সুখবর দিল আবহাওয়া দফতর
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাজ্যর একাধিক জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিন রাজ্যের পাঁচ জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে পাশাপাশি লু-এর সতর্কতা রয়েছে।

চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি- দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর- উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তাপ প্রবাহ চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে তাপপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হবে। আগামী শনিবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে শনিবার অর্থাৎ ৭ জুন থেকে ১০ জুন পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহে তাপপ্রবাহ চলবে।
আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা এখনই নেই, বাড়বে অস্বস্তি




