নজরবন্দি ব্যুরো: দক্ষিণ দমদমে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুর্নীতি ইস্যুতে ফের সরব হলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁদের পাশে দল দাঁড়াবে না। স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মামলা চলছে, তাঁদের পক্ষে দল দাঁড়াবে না। তাঁদের নিজেদেরই নিজেদের রক্ষা করতে হবে। আমরা দলের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি নিয়েছি। কোনও দুর্নীতির সঙ্গে আমরা আপোস করব না।”
আরও পড়ুন: সরকার শুধু নাটক করছে, টেট পরীক্ষার্থীদের পক্ষ নিয়ে বিস্ফোরক দিলীপ
সাংসদের আরও সংযোজন, “যদি দলের এক শতাংশ কিংবা দু’শতাংশ লোক দুর্নীতি করে থাকে, তাহলে তাঁদের সঙ্গে আমরা সম্পর্ক রাখছি না। এটাই আমাদের দলের সিদ্ধান্ত। আর এটাই আমরা সব জায়গায় বলছি। তার কারণ দু-একটা লোক অন্যায় করলে আমাদের ভালো কাজ মুছে ফেলা যাবে না।”

মমতা কেষ্টর পাশে দাঁড়ালেও দল যে এখন দুর্নীতিগ্রস্ত কোনও নেতাদের পাশেই দাঁড়াচ্ছে না, তা স্পষ্ট করলেন সৌগত। উল্লেখ্য, এই সৌগত রায়ের বিরুদ্ধেও অবশ্য রয়েছে নারদ মামলা। ইতিমধ্যেই তাঁর দলকে নিয়ে একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দুর্নীতি হলেও তৃণমূলের কিন্ত লোক সংখ্যা কমেনি, দাবি সৌগতর

সেখানে সৌগত বলেন, “একটা কথা বিশেষ ভাবে মনে রাখা দরকার এই পুজোর আগে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের দলের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে। অনেকে গ্রেফতারও হয়েছে। কর্মীদের মনে আঘাত লেগেছে, কিন্তু আমি এ পর্যন্ত সাতটা বিজয়া সম্মিলনী করলাম, আমি সব জায়গায় দেখছি কর্মী সংখ্যা কমেছে কি না। কিন্তু আমি দেখলাম আমাদের কর্মী সংখ্যা কোথাও কমেনি, কেউ বসে যায়নি, আমাদের কর্মী সমান সংখ্যায় আছে তৃণমূলের।”



