নজরবন্দি ব্যুরো: ৭ বিজেপি সাংসদ, ৫ বিধায়ক যোগ দেবেন তৃণমূলে! ঘোষনা করলেন জ্যোতিপ্রিয়। যে তৎপরতায় দলত্যাগ করছেন বাংলার নেতা মন্ত্রীরা, তাদের একাংশ তার থেকেও বেশি তৎপরতায় ফিরছেন পুরনো ঘরেই। অন্তত ভোট পূর্ব বাংলার পরিস্থিতি সেকথাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে। বেশ কয়েকদিন আগেই উন্নত রাজ্য গড়ার কথা ভেবেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এবং বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস।
আরও পড়ুনঃ আসন্ন বিধানসভা ভোট, রাজ্যে অনুমোদিত রেল প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের নির্দেশ।
তবে সূত্র জানাচ্ছে মোহ ভঙ্গ হতে বেশি সময় লাগেনি তাঁদের। যদিও সেসব গুজব উড়িয়ে দিয়েছেন তাঁরা উভয়েই। আপাতত বিজেপিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা দিয়েছেন দুজনেই।
তবে জল্পনার সূত্রপাত করেছেন জোতিপ্রিয় মল্লিক। সোমবার সুনীল এবং বিশ্বজিৎ বাবু নিজেদের বিধানসভা সফর সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছিলেন জোতিপ্রিয় সহ আরো কয়েকজন ভালো বন্ধু রয়েছেন তৃণমূলে, তাঁদের সঙ্গে সাক্ষাতের জন্যই বিধানসভায় গিয়েছিলেন তাঁরা। এমনিতেও বিরোধী হয়েও সৌজন্য এবং বন্ধুত্বের নিশানা শুধু রাজ্য না দেশেও চর্চিত। কিন্তু জল্পনা তো বেড়েছে বন্ধু জোতিপ্রিয়র বক্তব্যেই।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় মেগা পাওয়ারলুম কেন্দ্রের উদ্বোধনে গিয়ে তিনি জানান “ঘরে ফিরবেন ৫ দলত্যাগী বিধায়ক, যোগ দেবেন বিজেপির ৭ সাংসদও।” শুধু তাই নয়, রীতিমত দিন ঠিক করে বলেছেন তিনি মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই মে মাসের ১-৫ তারিখের মধ্যেই দল ভারী হবে ঘাস ফুল শিবিরের। এসবের মাঝেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন তাহলে কি মোহ ভঙ্গ হতে মাসখানেক ও লাগছে না দলত্যাগীদের একাংশের?



