কলকাতা শহরের সিনেমাপ্রেমীদের জন্য এক মহোৎসব শুরু হতে চলেছে। ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2024) পর্দা উঠছে ধনধান্য অডিটোরিয়ামে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিশেষ অতিথি পাবলো জাস্টিনো সিজার।
উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে তপন সিনহার ক্লাসিক ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষকে ঘিরে এই বিশেষ প্রদর্শনী। এছাড়া, উৎসবে শ্রদ্ধা জানানো হবে প্রয়াত ব্যক্তিত্ব মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, এবং গৌতম হালদারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় এবারের থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
ফোকাস কান্ট্রি: এবারে ফ্রান্সকে সম্মান জানানো হয়েছে। ফরাসি সিনেমার বিশেষ প্রদর্শনী থাকবে।


এই বছরের উৎসবে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাংলা সিনেমা প্রদর্শিত হবে।
- ‘এই রাত তোমার আমার’ (অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত অভিনীত)
- ‘একটি রাতের গল্প’ (পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত)
- ‘আপিস’ (সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত)
- ‘কাল্পনিক’ (অর্ক মুখোপাধ্যায় পরিচালিত)
- এছাড়াও থাকছে ‘অহনা’, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, এবং ‘মন মাতাল’।
অপর্ণা সেনের ওপর তৈরি সুমন ঘোষের তথ্যচিত্র ‘পরমা’-ও উৎসবের একটি বিশেষ আকর্ষণ, নন্দন, রবীন্দ্রসদন, নজরুল তীর্থ থেকে শুরু করে কোয়েস্ট মল এবং সাউথ সিটির মতো জায়গায় হবে ছবির প্রদর্শনী।
নন্দন চত্বরের একতা মঞ্চে: প্রতিদিন বসবে বিশেষ ‘সিনে আড্ডা’। উৎসবের আয়োজন সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মাটিতে সিনেমার এই উৎসব আমাদের সংস্কৃতির গর্ব।”
অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।











