সংঘাতের আবহে সতর্কতা! ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে দেশের ২৪টি বিমানবন্দর

পাকিস্তানি ড্রোন হামলার আশঙ্কায় কেন্দ্রের সিদ্ধান্ত—অমৃতসর, জম্মু, লেহ, শ্রীনগর-সহ সীমান্তবর্তী বিমানবন্দরগুলি সাময়িকভাবে বন্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক দেশের ২৪টি বিমানবন্দর বন্ধ রাখার সময়সীমা বৃদ্ধি করল। নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৫ মে বিকেল ৫টা ২৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে এই বিমানবন্দরগুলির কার্যকলাপ।

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের তরফে সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন হামলার ব্যর্থ প্রচেষ্টা-র প্রেক্ষিতে। আগে এই বিমানবন্দরগুলি ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সংঘাতের আবহ আরও তীব্র হওয়ায় সময়সীমা বাড়ানো হয়েছে।

যে ২৪টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, সেগুলির তালিকায় রয়েছে—অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, লেহ্‌, জম্মু, জোধপুর, জৈসলমের, পঠানকোট, ভাটিণ্ডা, ভূজ, পোরবন্দর, কিষেণগড়, কাংড়া-গগ্গল, কেশোড়, হলওয়ারা, পটিয়ালা, সিমলা, মুন্দ্রা, হিরাসর, জামনগর, কান্দলা, বিকানের ও ভুন্টার।

এর ফলে যেসব বিমানের ওড়ার কথা ছিল, সেগুলির বেশিরভাগই বাতিল করে দিয়েছে বিমান সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, রাজকোট প্রভৃতি শহরে চলাচলকারী সমস্ত বিমান বাতিল করেছে এবং যাত্রীদের সম্পূর্ণ ভাড়া ফেরতের ঘোষণা করেছে। ইন্ডিগো-ও বাতিল করেছে একাধিক বিমান।

এদিকে যেসব বিমানবন্দর খোলা রয়েছে, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চেক-ইন গেট বন্ধ হয়ে যাবে ছাড়ার ১ ঘণ্টা ১৫ মিনিট আগে। এছাড়া যাত্রীদের আরও এক দফা নিরাপত্তা চেকিং বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগাম সতর্কতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত