সুখবর কলকাতার বস্তিবাসীদের জন্য, বাংলার বাড়ি প্রকল্পে নতুন ২২০টি ফ্ল্যাট

কলকাতা পুরসভা তৈরি করেছে ২২০টি নতুন ফ্ল্যাট, যা বস্তিবাসীদের দেবে আধুনিক জীবনযাত্রার সুযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতার বস্তিবাসীদের জন্য বড় সুখবর! বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কলকাতা পুরসভা ইতিমধ্যেই তৈরি করেছে ২২০টি নতুন ফ্ল্যাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের ইচ্ছা ছিল শহরের বস্তিবাসীদের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করা, আর সেই উদ্যোগে এবার আরও এক ধাপ এগিয়ে গেছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের আওতায় কলকাতার বাগবাজার সংলগ্ন মায়ের বাড়ি বস্তির জন্য এই ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০০টি ফ্ল্যাটের চাবি ইতিমধ্যেই বস্তিবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ফ্ল্যাটের জন্য ইতিমধ্যেই ৫০০টিরও বেশি আবেদন জমা পড়েছে।

কলকাতা পুরসভা এবং বস্তি ও সার্ভে বিভাগ যৌথভাবে এই প্রকল্পে কাজ শুরু করেছে, যার মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগও রয়েছে। প্রতিটি ফ্ল্যাটে দুটি বেডরুম, একটি শৌচালয়, রান্নাঘর এবং বারান্দা থাকবে। এই আবাসনগুলি উচ্চতায় ১৫ মিটারের বেশি হবে না, অর্থাৎ এগুলি হবে চার তলা বিল্ডিংয়ের মতো।

এই প্রকল্পের লক্ষ্য কলকাতাকে বস্তিমুক্ত করা এবং বস্তিবাসীদের জন্য আধুনিক এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে কলকাতার বস্তিগুলোর চেহারা আমূল বদলে যাবে। কলকাতার ১ নম্বর বরো, ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড এবং ৩২ নম্বর ওয়ার্ডে মোট ২৬০০টিরও বেশি ফ্ল্যাট তৈরি হবে।

এছাড়া, এই প্রকল্পে পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, রাস্তা এবং নিকাশি ব্যবস্থা সহ যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে বস্তিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত