আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জয়ের উৎসব পরিণত হল বিভীষিকায়। সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত ৬৪ জনেরও বেশি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
পুলিসি তদন্ত ও গ্রেফতার


বেঙ্গালুরু পুলিস ইতিমধ্যেই RCB-এর মার্কেটিং ও রাজস্ব প্রধান নিখিল সোসালে-কে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, তিনি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন, সেসময় বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।
তবে এখানেই শেষ নয়। উৎসবের আয়োজক সংস্থা DNA এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেড-এর তিন কর্মী— কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউ—কেও কাবন পার্ক থানায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
RCB-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ


সূত্রের খবর, RCB ম্যানেজমেন্ট সেলিব্রেশনের কোনও অনুমতি পুলিসের কাছ থেকে নেয়নি। তবুও তারা X (পূর্বতন টুইটার)-এ অনুষ্ঠান সংক্রান্ত পোস্ট করে দেয়, যা ভাইরাল হয়ে যায়। বিশাল জনসমাগমের ফলে নিয়ন্ত্রণ হারায় প্রশাসন।
পরে, যখন আরসিবি ম্যানেজমেন্ট পুলিসের কাছে অনুমতি চায়, তা পুলিস নাকচ করে দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
পলাতক KCSA কর্তারা
ঘটনার পর KCSA (Karnataka State Cricket Association)-র সম্পাদক ও কোষাধ্যক্ষ পলাতক। পুলিস তাঁদের বাড়িতে হানা দিলেও এখনও পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার প্রভাব
এই ঘটনা আরসিবির ইমেজে বড়সড় ধাক্কা দিয়েছে। পুলিস প্রশাসন থেকে শুরু করে নাগরিক মহলে প্রশ্ন উঠছে—কেন অনুমতি ছাড়া এমন বিশাল জনসমাগমের অনুষ্ঠান করা হল?








