হাওড়ার আমতায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে লেলিহান শিখায় গ্রাস হল দু’টি গুদাম। কাঠ ও বৈদ্যুতিন সরঞ্জামে ভর্তি গুদাম দু’টি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতায় সামনে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িও পুড়ে যায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়েও মঙ্গলবার সকাল পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতা থেকে নারিট যাওয়ার পথে গগন মোড়ের কাছে পাশাপাশি ছিল একটি কাঠের গুদাম ও একটি বৈদ্যুতিক সরঞ্জামের গুদাম। সোমবার গভীর রাতে আচমকাই আগুন ধরে যায় কাঠের গুদামে। সেখানে বিপুল পরিমাণ কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় এবং ছড়িয়ে পড়ে পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামেও।

বৈদ্যুতিন গুদামে থাকা ফ্রিজ ও এসি-সহ একাধিক সামগ্রী মুহূর্তে আগুনে পুড়ে যায়। আগুনের আঁচে গুদামের সামনে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িও ভস্মীভূত হয়। ঘটনায় কাঠের গুদামের মালিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন এবং আমতা থানার পুলিশ। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল-সহ একাধিক পদস্থ আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। দমকল ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানান, এই অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা দরকার। তিনি রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং জেলার পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন। দ্রুত ফরেন্সিক দল এনে তদন্তের দাবি জানিয়েছেন বিধায়ক।









