ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস উত্তেজনা, কিন্তু সেই হাইভোল্টেজ লড়াই শুরুর আগেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে এলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলি। যেখানে গোটা ক্রিকেটবিশ্ব চাইছে ম্যাচটি নির্বিঘ্নে হোক, সেখানে তিনি উল্টে বৃষ্টির কামনাই করছেন। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে।
অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। আইসিসির হস্তক্ষেপে বয়কটের নাটকের ইতি টেনে ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। তবে কলম্বোর আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা খেলায় প্রভাব ফেলতে পারে।

এই পরিস্থিতিতেই এক টিভি-শোতে মন্তব্য করেন বাসিত আলি। তাঁর দাবি, অনেকেই মনে করছেন ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তান দল চাপের মধ্যে রয়েছে। মুখে আত্মবিশ্বাসের কথা বলা হলেও সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে নামার আগে সলমন আলি আঘাদের মধ্যে চাপ কাজ করছে বলেই ধারণা।
এই প্রসঙ্গে বাসিত বলেন, “ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, এই ম্যাচে যেন বৃষ্টি হয়।” ম্যাচ পূর্ণাঙ্গভাবে হবে কি না, সেই প্রশ্নের জবাবেও তিনি স্পষ্ট বলেন, “আমি বৃষ্টি চাইছি।”
তাঁর এই মন্তব্যে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। কারণ, যেখানে অধিকাংশই চান ভারত-পাক ম্যাচ বাধাহীনভাবে হোক, সেখানে উল্টো সুরে বৃষ্টির কামনা করেছেন তিনি।


পরিসংখ্যানও ভারতের পক্ষেই কথা বলছে। সাম্প্রতিক আটটি সাক্ষাতে সাতবার জিতেছে টিম ইন্ডিয়া, পাকিস্তান জিতেছে মাত্র একবার। তাই কি সম্ভাব্য পরাজয় এড়াতেই বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশায় বাসিত আলি? এই প্রশ্নই এখন ঘুরছে ক্রিকেটমহলে।









