12th ফেব্রুয়ারি, 2026 (বৃহস্পতিবার) - 3:50 পূর্বাহ্ন
19 C
Kolkata

বিশ্বকাপের মাঝেই ধাক্কা! হাসপাতালে অভিষেক, দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল ভারতীয় দল। ওপেনার অভিষেক শর্মা আচমকা হাসপাতালে ভর্তি হওয়ায় দ্বিতীয় ম্যাচের আগে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির ম্যাচে তিনি নামতে পারবেন কি না, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। দলের শিবিরে তাই উদ্বেগ বাড়ছে, বিশেষ করে আগের ম্যাচ থেকেই তাঁর শারীরিক সমস্যার কথা জানা ছিল।

সূত্রের খবর, পাকস্থলীর সংক্রমণে ভুগছেন অভিষেক। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই তাঁর পেটের সমস্যা শুরু হয়েছিল। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জ্বরও আসে, এবং তাৎক্ষণিকভাবে ওষুধ দেওয়া হলেও তাতে পুরোপুরি উপশম হয়নি। ফলে দলের অনুশীলনেও যোগ দিতে পারেননি তিনি।

দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের আয়োজিত নৈশভোজেও উপস্থিত থাকলেও বেশিক্ষণ থাকতে পারেননি অভিষেক। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই ফিরে যেতে হয় তাঁকে। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছিলেন, “অভিষেকের পেটের সমস্যা এখনও রয়েছে। তবে আমরা আশা করছি, দু’দিন পর ওকে মাঠে পাওয়া যাবে।” কিন্তু তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসার পর সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।

অভিষেক যদি খেলতে না পারেন, তবে তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। তবে তরুণ এই ব্যাটারকে না পাওয়া ভারতের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ টুর্নামেন্টের শুরুতেই দলে চোট-আঘাত ও অসুস্থতার সমস্যা বাড়ছে।

এর আগে চোটের জন্য ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। ওয়াশিংটন সুন্দর এখনও পুরোপুরি ফিট হয়ে দলে যোগ দিতে পারেননি। ফলে অভিষেকের অনুপস্থিতি হলে চাপ আরও বাড়বে দলের ওপর।

তবে একটুখানি স্বস্তির খবরও রয়েছে। অসুস্থতা কাটিয়ে এদিন দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন জসপ্রীত বুমরা। নামিবিয়ার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে আপাতত কোনও অনিশ্চয়তা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading