বিশাখাপত্তনম স্টিল প্লান্ট দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমেছে অন্ধ্রপ্রদেশে। সোমবার গভীর রাতে কারখানার ভেতরে ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা শ্রমিকদের উপর ছিটকে পড়ায় প্রাণ হারিয়েছেন ৮ জন। গুরুতর আহত হয়েছেন আরও একাধিক কর্মী, যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতের শিফটে উৎপাদন প্রক্রিয়া চলাকালীন ক্রেনের সাহায্যে একটি বড় পাত্রে থাকা গলিত লোহা এক ইউনিট থেকে অন্য ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাত্রের ভেতরের উত্তপ্ত লোহা নিচে কাজ করা শ্রমিকদের উপর পড়ে যায়।


দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। পাশাপাশি আশপাশে থাকা আরও কয়েকজন কর্মী গুরুতরভাবে দগ্ধ হন। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তও শুরু হয়েছে।
ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, বিশাখাপত্তনমের জেলা প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন। পাশাপাশি আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশও দিয়েছেন।


মুখ্যমন্ত্রী মৃত শ্রমিকদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন তিনি।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
শিল্পাঞ্চলের অন্যতম ভয়াবহ এই দুর্ঘটনা ফের একবার ভারী শিল্পে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্ত রিপোর্ট সামনে এলে কী কারণে এমন মর্মান্তিক বিপর্যয় ঘটল, তার স্পষ্ট চিত্র উঠে আসবে বলেই মনে করছে প্রশাসন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



