মাত্র সাতদিনে তিনবার বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লির একাধিক স্কুলে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ভুয়ো ইমেলের মাধ্যমে ছড়ানো এই আতঙ্কে ছাত্রছাত্রী, শিক্ষক-অভিভাবকরা ভীষণভাবে আতঙ্কিত। শনিবার সকালেও দিল্লির বিভিন্ন স্কুলে বোমা থাকার খবর ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত পৌঁছে তল্লাশি শুরু করে।
শনিবার সকাল ৬টা ১০ মিনিটে দিল্লির আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুল-এ বোমা থাকার খবর আসে। একই স্কুলে সপ্তাহের শুরুতে সোমবারও একই রকম হুমকি এসেছিল। এছাড়াও রায়ান ইন্টারন্যাশনাল স্কুল-সহ বেশ কয়েকটি স্কুলে ভুয়ো ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক ছড়ানো হয়। দিল্লি পুলিশ, দমকল বিভাগ এবং ডগ স্কোয়াড-এর যৌথ উদ্যোগে তল্লাশি চালানো হয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যারি আল্লা নামে একটি মেল আইডি থেকে স্কুলগুলিতে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। ইমেলে লেখা ছিল, ‘আল্লা দেখছেন তোমরা কীভাবে তাঁর শাস্তি এড়াতে চেষ্টা করছ। কিন্তু কোনও মানুষ আল্লাকে এড়াতে পারে না।’
শুক্রবারও পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেম্ব্রিজ স্কুল-সহ মোট ছটি স্কুলে বোমা থাকার হুমকি আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অধিকাংশ স্কুলই ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেয়। অভিভাবকদের কাছে বার্তা পাঠিয়ে স্কুলে না আসার নির্দেশ দেওয়া হয়।
হুমকি ইমেলগুলোতে বলা হয়েছিল, স্কুলগুলিতে একাধিক বিস্ফোরক রাখা হয়েছে এবং এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে ‘সিক্রেট ডার্ক ওয়েব’ নামে একটি দুষ্কৃতী গোষ্ঠী। সপ্তাহের শুরুতেই দিল্লির ৪০টি স্কুলে বোমা থাকার হুমকি ছড়ায়। তবে পুলিশি তল্লাশির পর জানা যায়, এই সমস্ত ইমেল ভুয়ো এবং কোথাও কোনও বোমা পাওয়া যায়নি।


দিল্লি পুলিশ এই ঘটনার গভীরে তদন্ত চালাচ্ছে। ভুয়ো হুমকি ছড়ানোর পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ইমেল নিয়ে স্কুল এবং অভিভাবকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



