লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল অনেক আগেই ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপি দু দফায় ৩৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এখনও ডায়মন্ড হারবারে তৃণমূল ছাড়া কোনও দল প্রার্থী দেয়নি। শাসক শিবির ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই লক্ষ্যেই আগামীকাল থেকেই নিজের নির্বাচনী কেন্দ্রে স্ট্র্যাটেজি নির্ধারণে নামবেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।



আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ! ডায়মন্ড হারবারে কৌস্তভকে টিকিট দিতে পারে বিজেপি
জানা গিয়েছে, বুধবার (২৭ মার্চ) ডায়মন্ড হারবারে যাচ্ছেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭, ২৮, ২৯ তারিখ সেখানেই থাকবেন। ডায়মন্ড হারবারের অন্তর্গত সাত বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন বলে খবর। এর মাধ্যমে আসন্ন নির্বাচনের ব্লু প্রিন্ট নেবেন অভিষেক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনদিনে ধারাবাহিক বৈঠক হবে। তিনদিনে আড়াইশো থেকে তিনশো কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি।

আগেই জানা গিয়েছিল, দোলের পর থেকেই নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার পর্বের প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৭ থেকে ২৯ তারিখের মধ্যেই আমতলার দলীয় কার্যালয়ে বৈঠক হবে। সম্প্রতি বসিরহাটের (Basirhat) সভায় অভিষেকের গলায় তৃতীয়বার নির্বাচনে জয় নিয়ে আশাবাদী সুর শোনা গিয়েছিল। এবারে চার লক্ষ ভোটে জিতবেন বলেও দাবি করেছেন। আগামী ১ জুন, সপ্তম দফায় ভোট হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে।


বিরোধী ‘শূন্য’ ডায়মন্ড হারবারে স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক, বুধ থেকেই শুরু ভোটের প্রস্তুতি

উল্লেখ্য, সিপিএম ২১ আসনে এবং আইএসএফ (ISF) ও কংগ্রেস (Congress) ৮ টি করে আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু কোনও তালিকাতেই ডায়মন্ড হারবারের নাম নেই। সেক্ষেত্রে প্রচার যুদ্ধে অভিষেক তথা তৃণমূল যে এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে সেকথা মনে করছেন অনেকেই। এদিকে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা না হওয়ায় প্রচার শুরু করতে পারছেন না বিরোধী দলের কর্মীরা। একাধিক সম্ভাব্য নাম উঠে আসছে, কিন্তু থমকে রয়েছে প্রার্থীর নামে দেওয়াল লিখন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



