নজরবন্দি ব্যুরোঃ গত বছরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। অ্যারন ফিঞ্চ এবার জানিয়ে দিলেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও তিনি সরে দাঁড়াচ্ছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি সময় নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। আর এই ফরম্যাটে সবচেয়ে সফল অধিনায়কও তিনি।
২০২১ সালে তাঁর নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে দিলেন। তবে বিগ ব্যাশ লিগে ফিঞ্চ খেলবেন বলেই মনে করা হচ্ছে। খেলতে পারেন আইপিএলেও। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। ফিঞ্চ মনে করেন, তার আগে নতুন অধিনায়ককে সময় দেওয়া উচিত।



এত দিন তিনিই ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার অধিনায়ক। ফিঞ্চ বলেন, “অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক যে হবে তাকে সময় দিতে হবে। নতুন ওপেনার প্রয়োজন দলে। তারও সময় প্রয়োজন। আগামী ১৮ মাসের মধ্যে গুছিয়ে নিতে হবে দলটাকে। আমি খুব ভাগ্যবান যে ১২ বছর ধরে খেলতে পেরেছি।

আমার মনে হয় এটাই সেরা সময় সরে যাওয়ার।” ফিঞ্চ বলেন, ”দলগত সাফল্যই শেষ কথা। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আমার জীবনের দু’টি উল্লেখযোগ্য মুহূর্ত। ১২ বছর ধরে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা এবং বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের সঙ্গে এবং বিরুদ্ধে খেলা আমার কাছে অত্যন্ত সম্মানের ব্যাপার।”


আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর অ্যারন ফিঞ্চের, তবে খেলবেন IPL
১২ বছরে ১০৩টি টি-টোয়েন্টি, ১৪৬টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট খেলেছেন মাত্র ৫টি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯টি শতরান রয়েছে তাঁর। এর মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দু’টি শতরান করেন ফিঞ্চ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



